০৭ নভেম্বর ২০১৫

পীরগাছার রেলওয়ে স্টেশনে ময়লা ও দূগন্ধে ভোগান্তি


রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। ময়লা ও দুর্গন্ধের কারণে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। তার ওপর প্ল্যাটফর্মে নেই বসার কোনো ব্যবস্থও। আবর্জনা থেকে খাবার খেতে দল বেঁধে ঘুরে বেড়ায় বেওয়ারিশ কুকুরের দল।

১৯৪৬ সালে পীরগাছা রেলওয়ে স্টেশনটি স্থাপন করা হয়। ভবনও নির্মিত হয় ওই একই বছর। এ স্টেশনের ওপর দিয়ে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া, কুড়িগ্রামসহ আরও কিছু জেলায় রেলপথে যোগাযোগ গড়ে তোলা হয়।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, রেলস্টেশনের প্ল্যাটফর্মের চারদিকে কাগজ, ঠোঙা, চিপসের প্যাকেট পড়ে আছে। টিনের শেডটি আটকানোর জন্য লোহার পিলারের নিচে যাত্রীদের চারটি বসার স্থান করা হয়েছে। এসব বসার স্থান নোংরা। এর পাশে ভবনের সামনের অংশে নর্দমা। সেটিও আবর্জনায় ভর্তি হয়ে পানিপ্রবাহ বন্ধ হয়ে আে। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সে সঙ্গে প্ল্যাটফর্মে আছে ছাগল-ভেড়া-কুকুরের বিচরণ।

বগুড়া যেতে দোলনচাপা ট্রেনের জন্য অপেক্ষা করছেন পীরগাছার ব্যবসায়ী মশিউর রহমান। তিনি বলেন, পীরগাছা থেকে বগুড়া যেতে ট্রেনেই সুবিধা বেশি। ট্রেনের জন্য অপেক্ষা করতে প্ল্যাটফর্মে তেমন কোনো বসার জায়গা নেই। আর থাকলেও সেটি বসার উপযুক্ত নয়।

পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবুল হাশেম বলেন, স্টেশনের বেহাল দশা দূর করার জন্য লালমনিরহাটের বিভাগীয় কার্যালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু এর কোনো উদ্যোগ নেই।
এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বার্ষিক পরিকল্পনায় উন্নয়ন খাতে পীরগাছা রেলওয়ে স্টেশন সংস্কারের কথা রয়েছে। কিন্তু এখনো কোনো বরাদ্দ হয়নি।

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন