সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরি শেষে প্রতিমায় রং-তুলি ও সাজাতে ব্যস্ত সময় পার করছেন রংপুরের পালরা। আর মাত্র ৫ দিন বাকি। তাই তাদের ব্যস্ততাও বেড়ে গেছে দ্বিগুন। পাশাপাশি চলছে মন্ডপ সাজসজ্জার কাজ। ১৯ অক্টোবর ষষ্টী পূজার মধ্যদিয়ে শুরু হবে ৫ দিনের দুর্গোৎসব। রংপুরে এ বছর ৮’শ ৪১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লোকজন যাতে নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে প্রায় ২’শটি ম-পকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৬০টি পূজা মন্ডপকে।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম জানান, পূজায় কোন উগ্রপন্থী শক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। হিন্দু ধর্মাম্বলীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন ও আনন্দ উপভোগ করতে পারে সেজন্য প্রতিটি মন্ডপে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, এ বছর জেলায় ৮’শ ৪১টি মন্ডপের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১’শ ৩৭টি, সদর উপজেলায় ৮২, বদরগঞ্জে ১’শ ১৯, মিঠাপুকুরে ১’শ ২০, গঙ্গাচড়ায় ৯৫, পীরগাছায় ৮৬, কাউনিয়ায় ৫২, পীরগঞ্জে ৮৭ ও তারাগঞ্জ উপজেলায় ৬৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে পূজা উদযাপন ও আনন্দ উপভোগ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রংপুর করুণাময়ী কালীবাড়ি মন্দিরের পুরোহিত দুলাল চক্রবর্তী জানান, শান্তি, স্থিতি ও সমৃদ্ধির প্রতীক মহামায়া দুর্গা এ বছর অমৃতলোক থেকে মর্তলোকে ভক্তদের পূজা গ্রহণ করতে আসবেন ঘটকে (ঘোড়া) চড়ে। ৪ দিনব্যাপী পূজা অর্চনা গ্রহণ শেষে বিজয়া দশমীর বিসর্জনের মধ্যদিয়ে পুনরায় অমর্তলোকে ফিরে যাবেন দোলায় (পালকি) চড়ে। তিনি জানান, সুন্দর প্রতীমা তৈরির জন্য ঢাকা থেকে শিমুলিয়া শিল্পালয়ের মৃৎ শিল্পী বলাই পালকে নিয়ে আসা হয়েছে। তাকে সহযোগিতা করছে রংপুরের মৃৎ শিল্পী বাপ্পি। গত বছরের চেয়ে এবারের প্রতীমা তৈরিতে ব্যয় হচ্ছে ১ লাখ ৩০ হাজার টাকা।
