রংপুরের পীরগাছায় রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজে ২টি বিষয়ে ৩ জন প্রভাষক নিয়োগ নিয়ে তালবাহানা করায় নিয়োগ প্রার্থীর পক্ষে গত শনিবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে কলেজের অধ্যক্ষ ইয়াকুব আলীকে ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এসময় অবরুদ্ধকারীগণ নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পীরগাছা থানার পুলিশ, স্থানীয় সাংবাদিকগন ও কলেজ গর্ভনিং বডির সদস্য মোস্তাফিজার রহমান রেজা ও আমিনুল ইসলাম রাঙার হস্তক্ষেপে ১৫ দিনের মধ্যে নিয়োগপত্র প্রদানের শর্তে এলাকাবাসী অধ্যক্ষকে মুক্ত করে দেন।
অভিযোগে জানা গেছে, পীরগাছা উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজে মনোবিজ্ঞান বিষয়ে ২ জন এবং ইংরেজি বিষয়ে একজন প্রভাষক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে মনোবিজ্ঞান বিষয়ে শুন্য পদে আহম্মদ হোসেন, সৃষ্ট পদে সাইফুজ্জামান মন্ডল এবং ইংরেজি বিষয়ে তাজুল ইসলামকে মনোনীত করা হয়। পরে কলেজের অধ্যক্ষ ইয়াকুব আলী ওই ৩ প্রার্থীকে নিয়োগপত্র প্রদান না করে তালবাহান করতে থাকেন। তিনি নানা ছলে বলে কাল ক্ষেপন করতে থাকলে গত শনিবার এলাকাবাসী অধ্যক্ষ ইয়াকুব আলীকে তার অফিস কক্ষে দুপুর ১১ থেকে ২ টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। এসময় অবরুদ্ধকারীগণ নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগানসহ চাপ প্রয়োগ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে পীরগাছা থানার একদল পুলিশ, পীরগাছার কর্মরত সাংবাদিকগন, সুধী মহল ও কলেজ গর্ভনিং বডির সদস্য মোস্তাফিজার রহমান রেজা ও আমিনুল ইসলাম রাঙার হস্তক্ষেপে ১৫ দিনের মধ্যে নিয়োগপত্র প্রদানের শর্তে এলাকাবাসী অধ্যক্ষ ইয়াকুব আলীকে মুক্ত করে দেন। এব্যাপারে কলেজের অধ্যক্ষ ইয়াকুব আলী জানান, উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে নিয়োগপত্র প্রদান করা হবে। এ প্রসঙ্গে কলেজ গর্ভানিং বডি সভাপতি মমতাজ শিরিন ভরসা জানান, সকল প্রক্রিয়া সম্পন্ন করে আমি বার বার নিয়োগপত্র প্রদানের নির্দেশ দিলেও অধ্যক্ষ ইয়াকুব আলী কেন নিয়োগপত্র দিচ্ছেন না তা আমার বোধগম্য নয়।
