২৩ নভেম্বর ২০১৫

পীরগাছায় এক যুগ পর ইউপি নির্বাচন

সীমানা নিয়ে দীর্ঘ জটিলতার অবসান হওয়ার মধ্য দিয়ে অবশেষে রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দীর্ঘ এক যুগ পর হচ্ছে এ ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ উপলক্ষে উৎসবের আমেজে মেতেছে গোটা ইউনিয়ন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর সিটি করপোরেশন ঘোষণার পর কল্যাণী ইউনিয়নের গোদা সিমলা ও কলাবাড়ি এলাকা সিটি করপোরেশনের মধ্যে পড়ে যাওয়ায় সীমানা এবং আইনগত নানা জটিলতা দেখা দেয়। এ অবস্থায় আর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৩ সালে। সীমানা নিয়ে জটিলতা অবসানের পর গত ২১ মে ইউপি নির্বাচনের গেজেট প্রকাশিত হয়। ১২ নভেম্বর ঘোষিত হয় নির্বাচনের তফসিল। আগামী ২১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ইউনিয়নে ভোটার আছেন ১৬ হাজার ১৪৬ জন। এর মধ্যে নারী ৮ হাজার ৭৪ ও পুরুষ ৮ হাজার ৭২ জন। ভোট কেন্দ্র আছে ১০টি।

সরেজমিন গতকাল রোববার সকালে ইউনিয়নটিতে গেলে সেখানে নির্বাচনী আমেজ দেখা যায়। ভোটারদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনে কোনো রাজনৈতিক প্রার্থী না থাকলেও দলীয় নেতা-কর্মীরাও সম্ভাব্য প্রার্থীদের সমর্থনে মাঠে কাজ করছেন।

সরেজমিন দেখা যায়, পুরুষদের চেয়ে নারী ভোটারদের তৎপরতা বেশি। মনোনয়নপত্র জমা হওয়ার আগেই প্রার্থীদের পক্ষে দোয়া চেয়ে নারী সমর্থকেরা বাড়ি বাড়ি ঘুরছেন। আর পুরুষ ভোটাররা চায়ের স্টলগুলোতে আড্ডায় ব্যস্ত।
সাত দরগা এলাকার গৃহিণী রোকসানা পারভিন বলেন, ‘ভোটার অনেক আগোত হইছি। কিন্তু ভোট দিবার পারি নাই। এইবারই প্রথম ভোট দেমো। খুব আনন্দ লাগছে।’

একই এলাকার কৃষক লিয়াকত আলী বলেন, ‘এত দিন পর ভোট। ভালো মানুষোক ভোট দেমো।’ নির্বাচন না হওয়ায় গত এক যুগ ধরে এ ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন কাওসার হোসেন। তিনি বলেন, ‘আমারও ভালো লাগছে যে শেষ পর্যন্ত সীমানা জটিলতার অবসান হয়ে নির্বাচন হতে যাচ্ছে।’

সোর্সঃ প্রথম আলো

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন